সিলেট :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন স্পটসংলগ্ন খাসজমিতে গড়ে ওঠা দোকানপাট সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে মাসিক ভাড়া নির্ধারণ করেছে জেলা উন্নয়ন সমন্বয় সভা। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রেস্টুরেন্ট থেকে পাঁচ হাজার টাকা, কসমেটিকসের দোকান থেকে দুই হাজার টাকা এবং অন্যান্য দোকান থেকে এক হাজার ৫০০ টাকা করে মাসিক ভাড়া আদায় করা হবে। আদায় করা অর্থ উপজেলা পর্যটন উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাবে জমা হবে।
এ ছাড়া ভোলাগঞ্জ স্থলবন্দরের বিপরীত পাশে পর্যটন তথ্যকেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাবিত প্রায় ৩৬ একর জমিতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সভায় জেলা প্রশাসক বলেন, সিলেটে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিরসনের জন্যও তিনি নির্দেশনা দেন।
সাদাপাথর ও ভোলাগঞ্জে পর্যটন উন্নয়নের উদ্যোগ
সভায় কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন উন্নয়নে কয়েকটি প্রস্তাব ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ রেলওয়ের বাংকার এলাকা সাদাপাথর পর্যটন স্পটের সংলগ্ন হওয়ায় এলাকাটিকে পর্যটন স্পট হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানোর সিদ্ধান্ত হয়।
একই সঙ্গে সাদাপাথর পর্যটন স্পটসংলগ্ন খাসজমিতে গড়ে ওঠা দোকানপাটের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে দোকানের ধরন অনুযায়ী মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ অর্থ উপজেলা পর্যটন উন্নয়ন তহবিলে জমা হবে। অন্যদিকে ভোলাগঞ্জ স্থলবন্দরের বিপরীত পাশে প্রস্তাবিত পর্যটন তথ্যকেন্দ্রের প্রায় ৩৬ একর জমিতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আমন ধান ও চাল সংগ্রহ শুরু হচ্ছে
সভায় খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, সিলেট জেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ঘোষণা করা হয়েছে। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। সংগ্রহের লক্ষ্যমাত্রা পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করা হবে।
অনাবাদি জমি চাষের আওতায় আনার নির্দেশ
কৃষি উৎপাদন বাড়াতে রোপা আমন ধানের শতভাগ কর্তন নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলার অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ করে প্রবাসীদের মালিকানাধীন পতিত জমি আবাদের আওতায় আনতে সরকারি নিবন্ধিত কৃষক ও সমবায় সংগঠনগুলোকে সম্পৃক্ত করার সম্ভাবনা যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন।
দাপ্তরিক যোগাযোগে ব্যক্তিগত ইমেইল ব্যবহার না করার নির্দেশ
সরকারি দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে সব দপ্তরপ্রধানকে দাপ্তরিক ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। যেসব দপ্তরে দাপ্তরিক মোবাইল নম্বর নেই, সেসব দপ্তরকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নম্বর সংগ্রহের ব্যবস্থা নিতে বলা হয়। পাশাপাশি দাপ্তরিক কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার না করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের জরুরি সেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে ১০২ হটলাইন চালুর বিষয়টি সভায় তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।