ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিআই পিকআপ গাড়িসহ মো. রুকন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ছাতক থানাধীন কৈতক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) দেবাশীষ শর্মা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কৈতক এলাকায় অভিযান চালান। এ সময় একটি সন্দেহজনক ডিআই পিকআপ গাড়িতে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গাড়িসহ রুকন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাঁর অপর দুই সহযোগী তাজ উদ্দিন (৩৩) ও শিপন মিয়া (৩০) পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুকন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ছাতক থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।