Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ০১:০৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সমঝোতায় খুলছে খেজুরীছড়া চা বাগান ও কারখানা, চার সিদ্ধান্তে কাটল অচলাবস্থা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ০১:০৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির মালিকানাধীন খেজুরীছড়া চা বাগান ও কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে। শ্রমিক অসন্তোষ ও সৃষ্ট অচলাবস্থা নিরসনে প্রশাসন, বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চার দফা সমঝোতা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে বাগান ও কারখানার কার্যক্রম পুনরায় চালু হওয়ার কথা।


শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


উপজেলা প্রশাসনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সমঝোতার প্রথম সিদ্ধান্তে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বাগানে পূজা উদযাপনের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি কমিটি গঠন করা হবে। কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পূজা উদযাপনসংক্রান্ত বিষয়গুলোর স্থায়ী সমাধানে কাজ করবে।


দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, বাগানের মন্দির সংস্কার ও উন্নয়নে সরকারি বরাদ্দের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হুমায়ুন কবির মজুমদারকে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতে পারে—এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা অমান্য করে কোনো ঘটনা ঘটলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাঁকে অপসারণ বা বদলিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ফিনলে কর্তৃপক্ষ।


সমঝোতার অন্য সিদ্ধান্তে বলা হয়েছে, গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে কোনো পক্ষ বাধা সৃষ্টি করতে পারবে না। ভবিষ্যতেও কোনো পক্ষের কর্মকাণ্ডে যাতে সমঝোতা প্রক্রিয়া ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


এ বিষয়ে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের ডিজিএম মো. হুমায়ুন কবির মজুমদার বলেন, চা শ্রমিকদের সঙ্গে একটি ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনার সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই বিষয়টি বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রমিকদের কোনো সমস্যা হলে তাঁরা কর্তৃপক্ষের কাছে আসবেন, আবার কর্তৃপক্ষের কোনো সমস্যা হলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে যে সমস্যার কথা বলা হচ্ছে, সেটিও মূলত ভুল-বোঝাবুঝি ছিল। সুন্দর সমাধানের মাধ্যমে আগামী ১৪ নভেম্বর থেকে বাগান খুলে দেওয়া হবে।


সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন।


এ ছাড়া বাগান কর্তৃপক্ষের পক্ষে ফিনলে হাউজের ইঞ্জিনিয়ারিং বিভাগের মহাব্যবস্থাপক কে কে সাদেক ও ডিনস্টন ডিভিশনের ডিজিএম মো. হুমায়ুন কবির মজুমদার উপস্থিত ছিলেন। চা শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন কৃপেশ বেনার্জী, পরিমল তাঁতী ও ডালিম বোনার্জীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


উল্লেখ্য, ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের অধীন খেজুরীছড়া চা বাগান ও কারখানা সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। এতে বাগানের শ্রমিকদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তী সময়ে প্রশাসন, বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনায় অচলাবস্থা নিরসনের পথ তৈরি হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com