মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
ভারতের মেঘালয় সীমান্তবর্তী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া—এই তিনটি স্থল শুল্কস্টেশন দিয়ে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টন চুনাপাথর আমদানি হচ্ছে। অথচ প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে আমদানিকৃত পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করতে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। মহিষখলা পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার সংযোগ সড়ক পাকাকরণ না হওয়া এবং রঙ্গাছড়া খাল ও পাটলাই নদীর নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন কার্যক্রম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও হাজার হাজার শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালে বড়ছড়া, ১৯৯৬ সালে চারাগাঁও এবং ২০০৬ সালে বাগলী স্থল শুল্কস্টেশন চালু হয়। ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসিয়া পাহাড়ের রানিকর ব্লকের কাছাকাছি অবস্থিত এ তিনটি শুল্কস্টেশন দিয়ে একসময় কয়লা ও চুনাপাথর আমদানি করা হলেও বর্তমানে কয়লা আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এলসির মাধ্যমে প্রতিদিন আনুমানিক দুই হাজার টন চুনাপাথর আমদানি হচ্ছে।
সীমান্তের ওপারে মেঘালয় অঞ্চলে চুনাপাথর, কয়লা, সিলিমানাইট, কাউলিন, গ্রানাইট ও বেলেপাথরসহ বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে। এসব সম্পদ আমদানির বাণিজ্যিক সম্ভাবনা থাকলেও বাংলাদেশের অভ্যন্তরে প্রয়োজনীয় সড়ক ও নৌ-অবকাঠামোর ঘাটতি এ অঞ্চলের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে।
ব্যবসায়ীদের ভাষ্য, বাগলী শুল্কস্টেশন থেকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার কাঁচা সড়ক পাকা না হওয়ায় পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় হচ্ছে। নৌপথে দেশের বিভিন্ন স্থানে চুনাপাথর পাঠাতে স্বাভাবিকের তুলনায় প্রায় চার গুণ পর্যন্ত পরিবহন ব্যয় গুনতে হচ্ছে বলে তাঁদের দাবি।
অন্যদিকে রঙ্গাছড়া খাল ও পাটলাই নদীর বিভিন্ন অংশে পলি জমে নাব্যতা কমে গেছে। বিশেষ করে রঙ্গাছড়াসহ পাটলাই নদীর প্রায় ৭ থেকে ১০ কিলোমিটার নৌপথে নাব্যতা সংকট থাকায় পণ্যবাহী নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এতে নৌজট সৃষ্টি হচ্ছে এবং অনেক সময় পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়ছে।
ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি, এই তিনটি শুল্কস্টেশন থেকে সরকার প্রতিবছর প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। অথচ সেই তুলনায় এলাকার সড়ক ও নৌ-যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন হয়নি। কয়লা আমদানি কার্যক্রম পুনরায় শুরু হলে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নদী খনন ও সড়ক নির্মাণ না হলে সেই সম্ভাবনাও কাজে লাগানো কঠিন হবে।
স্থানীয় শ্রমিকদের আশঙ্কা, নাব্যতা সংকট ও যোগাযোগব্যবস্থার দুরবস্থা অব্যাহত থাকলে তাঁদের কর্মসংস্থান আরও কমে যাবে। তাঁদের দাবি, তিনটি শুল্কস্টেশন পূর্ণ সক্ষমতায় চালু থাকলে অন্তত ৫০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বর্তমানে কাজের সংকটে অনেক শ্রমিক পরিবার-পরিজন নিয়ে আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
বাগলী কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি মো. কামাল হোসেন বলেন, রঙ্গাছড়াসহ পাটলাই নদীর ৭ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত নৌপথে প্রবল নাব্যতা সংকট রয়েছে। এই ব্যবসার সঙ্গে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ীর জীবন-জীবিকা জড়িত। কয়লা ও চুনাপাথর আমদানি-পরিবহন স্বাভাবিক রাখতে নদীপথ গভীরভাবে খনন, রঙ্গাছড়া নদীর দুই পাড়ে তিন কিলোমিটার আরসিসি ঢালাইযুক্ত পাকা সংযোগ সড়ক নির্মাণ এবং বাগলী থেকে বারেকটিলা ও বাগলী থেকে উপজেলা সদর পর্যন্ত ২৫ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের দাবি জানান তিনি।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হকও এ অঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগ ও নদীপথের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক বলেন, তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ এলসি স্টেশনসংলগ্ন রঙ্গাছড়া নদী, চারাগাঁও ও বড়ছড়া এলাকার চড়া ও খালগুলো খননের জন্য ড্রেজিং প্রকল্প বাস্তবায়নে তাঁরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সচেতন মহলের দাবি, শুধু আমদানি কার্যক্রম চালু রাখলেই হবে না; বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সব অবকাঠামোর সমন্বিত উন্নয়ন করতে হবে। দ্রুত নদী খনন, সংযোগ সড়ক পাকাকরণ এবং বাগলী থেকে বারেকটিলা ও উপজেলা সদর পর্যন্ত সড়ক নির্মাণ করা হলে পরিবহন ব্যয় কমবে, ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে এবং হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান রক্ষা পাবে।
তাঁদের প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে তাহিরপুরের এই তিনটি শুল্কস্টেশন দেশের রাজস্ব আয়, সীমান্ত বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।