Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ০৮:৩৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

দোয়ারাবাজারে ব্রিটিশ পয়েন্ট–বাংলাবাজার সড়ক প্রশস্তকরণে বরাদ্দ ১১ কোটি ২২ লাখ টাকা, দ্রুত কাজ শুরুর দাবি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ০৮:৩৬ অপরাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্রিটিশ পয়েন্ট–বাংলাবাজার সড়ক ১৮ ফুট প্রশস্তকরণের জন্য ১১ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫৬৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এ বরাদ্দের খবরে এলাকাবাসী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাবাজার ইউনিয়নের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এ সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি সরু ও বিভিন্ন স্থানে বেহাল থাকায় যানবাহন চলাচল এবং পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এবং সাপ্তাহিক হাটের দিন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।


সড়কটি ১৮ ফুট প্রশস্ত করা হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকেরা উৎপাদিত পণ্য সহজে ও কম খরচে বাজারজাত করতে পারবেন। পাশাপাশি ঐতিহাসিক বাঁশতলা-হকনগর স্মৃতিসৌধসহ আশপাশের পর্যটন এলাকায় দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।


এদিকে বরাদ্দের খবরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এলজিইডি কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা ও বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দারা।


তবে এলাকাবাসীর দাবি, দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণকাজ শুরু করতে হবে। একই সঙ্গে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী নির্মাণসামগ্রীর মান নিশ্চিত করতে হবে। এলজিইডির প্রকৌশলীদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে সড়কটির টেকসই নির্মাণ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।


স্থানীয়দের প্রত্যাশা, শুধু বরাদ্দ ঘোষণা নয়, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং সীমান্তবর্তী বাংলাবাজার এলাকার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com