Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ১২:৫৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

অবসরপ্রাপ্তদের জন্য মিলনকেন্দ্র, সুরমার তীরে ১৭ কিমি ওয়াকওয়ে ও কারাগারের জায়গায় পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ১২:৫৪ অপরাহ্ন

সিলেট :

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মিলনকেন্দ্র প্রতিষ্ঠা, সুরমা নদীর তীরে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ এবং সিলেট কেন্দ্রীয় কারাগারের পুরোনো জায়গায় দৃষ্টিনন্দন আধুনিক পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।


শনিবার (১৪ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।


মন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং অবসর সময় কাটানোর জন্য একটি মিলনকেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একসঙ্গে বসা, নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং পারস্পরিক যোগাযোগ বজায় রাখার প্রত্যাশা অত্যন্ত যৌক্তিক। সিলেটবাসী সম্মিলিতভাবে তাঁদের জন্য এমন একটি ব্যবস্থা করতে পারবে না, তা হতে পারে না। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন ও নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরির পরিকল্পনা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এ প্রকল্পের অংশ হিসেবে সুরমা নদীর তীর সংরক্ষণ করে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে নগরবাসী, বিশেষ করে প্রবীণ ও স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা নিয়মিত হাঁটাচলার সুযোগ পাবেন।


সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কারাগারটি স্থানান্তরের পর পুরোনো জায়গায় একটি দৃষ্টিনন্দন আধুনিক পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে নগরবাসী সকাল-সন্ধ্যায় হাঁটাচলা করতে পারবেন এবং শিশুরা খেলাধুলার সুযোগ পাবে। পার্কটির নকশা প্রণয়নে দেশের সেরা নকশাবিদদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করা হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।


অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ, পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com