দেশে আরও একটি নতুন থানা গঠনের উদ্যোগ এগিয়েছে। বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে দেশের ৬৫৪তম থানা হবে মোকামতলা।
গত ৯ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নতুন থানা, পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ মোট সাতটি প্রস্তাব পর্যালোচনা করা হয়।
বৈঠকে চারটি প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সুপারিশ পাওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বগুড়ার মোকামতলা থানা স্থাপন, জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন এবং সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় পৃথক থানা স্থাপনের কথা বলা হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ওই উপজেলার জন্য আলাদা থানা প্রতিষ্ঠিত হবে। এতে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক প্রশাসনিক কাঠামো তৈরি হবে।
এর আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে হালদা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। এবার মোকামতলা থানা স্থাপনের প্রস্তাবেও প্রাক-নিকার কমিটির সুপারিশ পাওয়ায় নতুন থানা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া আরও এক ধাপ এগোল।
বৈঠকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এ প্রস্তাবে স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্তকেন্দ্র স্থাপনের বিষয়টি তুলে ধরা হয়।