জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিও রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি তারা মিয়া (৫২)। তিনি উপজেলার আলুবাগান (মোকামবাড়ী) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
অপর গ্রেপ্তার ব্যক্তি হলেন জৈন্তাপুর মডেল থানার মামলা নম্বর-৫, জিআর-৩৮, তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০-এর এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহবুব হোসেন (৪০)। তিনি উপজেলার বিরাইমারা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের ছেলে। এ ছাড়া পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।