পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী রক্ষণাবেক্ষণকারী। তাঁকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করে না। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু রয়েছে, সবই তাঁর।’ (সুরা আল-বাকারা, আয়াত: ২৫৫)।
ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা হলো, এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন জীবন্ত, চিরঞ্জীব ও চিরস্থায়ী প্রতিপালক। তিনি সব যুগেই তাঁর বান্দাদের প্রতি অনুগ্রহ করে আসছেন। তাঁর গুণাবলির কোনো পরিবর্তন বা বিলুপ্তি নেই। তিনি অতীতেও বান্দাদের আহ্বান শুনেছেন, এখনো শোনেন এবং ভবিষ্যতেও শুনবেন।
আল্লাহতায়ালার চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তার প্রতি বিশ্বাসই মানুষকে তাঁর ওপর ঈমান আনতে, তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং তাঁর প্রতি ভালোবাসা পোষণ করতে উদ্বুদ্ধ করে। কারণ, মানুষ এমন এক সত্তার ওপরই পূর্ণ আস্থা রাখতে পারে, যিনি কখনো মৃত্যুবরণ করেন না এবং যাঁর ক্ষমতা ও কর্তৃত্বের কোনো শেষ নেই।
এ প্রসঙ্গে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘আর তুমি সেই চিরঞ্জীব সত্তার ওপর ভরসা করো, যিনি কখনো মৃত্যুবরণ করেন না।’ (সুরা আল-ফুরকান, আয়াত: ৫৮)।
অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, ‘পৃথিবীতে যা কিছু আছে সবই নশ্বর। আর অবিনশ্বর থাকবেন শুধু তোমার মহিমাময় ও মহানুভব প্রতিপালকের সত্তা।’ (সুরা আর-রহমান, আয়াত: ২৬-২৭)।
অর্থাৎ পৃথিবী ও আকাশের সব সৃষ্টিই পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী। একমাত্র আল্লাহতায়ালাই অবিনশ্বর। তাঁর অস্তিত্বের কোনো শেষ নেই। তাঁর ক্ষমতা, কর্তৃত্ব ও মহিমা চিরন্তন।
আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাসই প্রকৃতপক্ষে ধর্মের ভিত্তি এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। ইসলাম আল্লাহতায়ালাকে কেবল বিশ্বাসের বিষয় হিসেবে নয়, বরং মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে নির্ভরতার এক জীবন্ত বাস্তবতা হিসেবে উপস্থাপন করেছে। তাঁর জীবন্ত সত্তার অন্যতম নিদর্শন হলো, তিনি বান্দার দোয়া শোনেন এবং তাঁর প্রজ্ঞা অনুযায়ী সেই দোয়ার জবাব দেন।
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ঘোষণা করেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির, আয়াত: ৬০)।
আল্লাহর সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সম্পর্ক এবং জীবন্ত সৃষ্টিকর্তার ওপর তাঁর অবিচল বিশ্বাসের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। এর মধ্যে একটি ঐতিহাসিক ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য।
ইসলামের দাওয়াত পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তৎকালীন বিভিন্ন শাসকের কাছে পত্র পাঠিয়েছিলেন। এর মধ্যে পারস্যের সম্রাট খসরু পারভেজ বা কিসরার কাছেও ইসলামের দাওয়াতসংবলিত পত্র পাঠানো হয়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, পত্রটি পড়ে কিসরা ক্ষুব্ধ হয়ে সেটি ছিঁড়ে ফেলেন। তিনি মহানবী (সা.)-এর প্রতি অবমাননাকর আচরণ করেন এবং ইয়েমেনের তৎকালীন শাসনকর্তাকে তাঁকে আটক করে তাঁর কাছে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ইয়েমেনের শাসনকর্তা মহানবী (সা.)-কে গ্রেপ্তারের উদ্দেশ্যে দুজন দূত মদিনায় পাঠান। তাঁরা মহানবী (সা.)-এর কাছে গিয়ে কিসরার নির্দেশের কথা জানান এবং তাঁদের সঙ্গে যাওয়ার জন্য বলেন। মহানবী (সা.) তাঁদের পরদিন পর্যন্ত অপেক্ষা করতে বলেন।
পরদিন তাঁরা আবার তাঁর কাছে এলে মহানবী (সা.) তাঁদের জানান, তাঁদের প্রভু কিসরাকে তাঁর প্রভু হত্যা করেছেন। এ সংবাদ শুনে ইয়েমেনের শাসনকর্তা বিস্মিত হন। পরে কিসরার পুত্র শিরওয়াইহের পক্ষ থেকে তাঁর পিতাকে হত্যা করার সংবাদসংবলিত চিঠি পৌঁছালে ঘটনাটির সত্যতা প্রকাশ পায় বলে ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে।
এই ঘটনা আমাদের সামনে মহানবী (সা.)-এর আল্লাহর প্রতি অবিচল আস্থা, তাওয়াক্কুল এবং তাঁর নবুয়তের নিদর্শন হিসেবে আলোচিত হয়। বিপদের মুহূর্তেও তিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেছিলেন।
প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভালোবাসেন, যাঁদের অন্তর পবিত্র এবং যাঁরা একনিষ্ঠভাবে তাঁর স্মরণে নিজেদের নিয়োজিত রাখেন, তাঁরা বিপদে-আপদে আল্লাহর কাছেই সাহায্য চান। আল্লাহ তাঁদের প্রার্থনা শোনেন এবং তাঁর ইচ্ছা ও প্রজ্ঞা অনুযায়ী সাহায্য করেন।
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা আরও ইরশাদ করেন, ‘আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন (তাদের বলো) নিশ্চয়ই আমি নিকটেই আছি। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথ পেতে পারে।’ (সুরা আল-বাকারা, আয়াত: ১৮৬)।
এই আয়াত থেকে স্পষ্ট হয়, আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। বান্দা যেকোনো সময়, যেকোনো অবস্থায় তাঁর কাছে প্রার্থনা করতে পারে। তবে দোয়ার পাশাপাশি আল্লাহর নির্দেশ মেনে চলা, সৎকাজ করা এবং পাপাচার থেকে বিরত থাকাও প্রত্যেক মুমিনের দায়িত্ব।
তাই আমাদের সবার উচিত মহান আল্লাহর সঙ্গে ভালোবাসা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা। তাঁর আদেশ-নিষেধ মেনে জীবন পরিচালনা করা, সব ধরনের অন্যায়-অপকর্ম থেকে নিজেকে দূরে রাখা এবং অধিকাংশ সময় তাঁর জিকির ও ইবাদতে অতিবাহিত করা।
আসুন, আমরা বিপদে-আপদে মহান আল্লাহর ওপর ভরসা রাখি, একনিষ্ঠভাবে তাঁর কাছে দোয়া করি এবং তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।
আল্লাহুম্মা আমিন।
লেখক: হাফিজ মাছুম আহমদ দুধরচকী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট। প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট। সাবেক ইমাম ও খতিব, হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কদমতলী, সিলেট। সাবেক প্রিন্সিপাল, হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, উপশহর, সিলেট। সাবেক প্রধান শিক্ষক, তৈয়ব কামাল হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, সিলেট।