নিউজ ডেস্ক:
খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতির আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান জেলা শাখার সভাপতি সৈয়দা শিরিন আক্তার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তাঁরা সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সচেতন নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে সুজন গণতন্ত্র, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, নাগরিক অধিকার ও নির্বাচনব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য।
তাঁরা বলেন, বর্তমান সময়ে হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন, সহিংসতা, দুর্নীতি ও সাম্প্রদায়িক উসকানির বিস্তার গভীর উদ্বেগের বিষয়। তাঁরা এমন একটি বাংলাদেশ চান, যেখানে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা, মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় সম্প্রীতি এবং বহুমতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে। রাজনীতি হতে হবে জনকল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থ কিংবা ক্ষমতার অপব্যবহারের জন্য নয়।
বিবৃতিতে সুজন নেতৃবৃন্দ রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, শক্তিশালী ও দলনিরপেক্ষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় সরকার, রাজনৈতিক দল এবং সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রত্যাশা করেন।
বিবৃতির শেষাংশে তাঁরা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যয়কে সামনে রেখে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সহিংসতামুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।