Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:৫২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে আওয়ামী লীগ নেতা ছিনতাই: অভিযোগের বিষয়ে মুখ খুললেন সাদ্দাম

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:৫২ অপরাহ্ন

সিলেট:

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নিজের অবস্থান তুলে ধরে মুখ খুলেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বক্তব্যে তিনি ঘটনার পূর্ণাঙ্গ ভিডিও ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।


সাদ্দাম তাঁর বক্তব্যে বলেন, ছোট্ট একটি গাড়ির চালক থেকে শ্রমিক নেতা এবং পরবর্তী সময়ে এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছেন তিনি। কিন্তু একটি সাধারণ পরিবার থেকে উঠে আসাই এখন তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।


নিজের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে সাদ্দাম দাবি করেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ও প্রতিবাদ করার কারণেই তিনি অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছেন। তাঁকে দমিয়ে রাখতে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


ঘটনার বিষয়ে প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাদ্দাম বলেন, প্রশাসনের সৎ সাহস থাকলে সেদিনের ঘটনার সম্পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক। জনগণের চোখে তিনি অপরাধী প্রমাণিত হলে এলাকার মানুষ তাঁকে জৈন্তাপুর থানায় দিয়ে আসতে পারবেন। তিনি তাঁদের সঙ্গে হেঁটেই থানায় যেতে প্রস্তুত বলেও উল্লেখ করেন।


তিনি আরও বলেন, তাঁকে দমিয়ে রাখতে কিংবা মামলা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা হলে তা মেনে নেবেন না। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারও কাছে মাথানত করবেন না বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যের শেষাংশে এ ঘটনার বিচারভার জৈন্তাপুরবাসীর হাতে ছেড়ে দেন।


মামলায় ৪৩ জনের নাম, কারাগারে ৭ আসামি


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় জৈন্তাপুরের হরিপুর বাজার এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ। পরে তাঁকে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় পুলিশের গাড়ির গতিরোধ করে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।


এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় এস ইউ সাদ্দামসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।


এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে আরও দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ সোহেল (২৮) এবং জৈন্তাপুরের ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক হুযাইফা খালেদ (১৯)। তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে একই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সব মিলিয়ে এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


তবে মামলার প্রধান আসামি এস ইউ সাদ্দামের বক্তব্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত চিত্র তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com