অনলাইন ডেস্ক।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের (৭৯) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) তিন দফা জানাজা শেষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বুধবার সকাল সাড়ে ৯টায় রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকার আবাহনী ক্লাবে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির সামনের মসজিদে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দ্বিতীয় জানাজার আগে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট আব্দুল মান্নান মুন্সী, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সী, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী এবং সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় মরহুমের ছোট ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ ভারত থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যুক্ত হয়ে তাঁর ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চান।
হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি ছিল। তিনি ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন।
পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হারুনুর রশিদ। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।