মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ১২৫ লিটার চোলাই মদসহ রঞ্জন রবিদাস (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা প্লাস্টিকের জার থেকে মোট ১২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মদ পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
গ্রেপ্তার রঞ্জন রবিদাস শ্রীমঙ্গল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাশা আবাসিক এলাকার (নিউ পূর্বাশা) বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।