হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ করা প্রায় ৪ লাখ ৫৩০ টাকার সরকারি ওষুধের হদিস মিলছে না। ঢাকার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে চারটি চালানে পাঠানো ওষুধের মধ্যে দুটি চালানের ওষুধ হাসপাতালে পৌঁছানোর পর বুঝিয়ে দিতে না পারার অভিযোগ উঠেছে ট্রাকচালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় ট্রাকচালক অনুপ দেবনাথ (৩৭) ও হেলপার সজিব মিয়াকে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওষুধবাহী ট্রাকটি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে সরকারি গুদামে ওষুধ নামানোর সময় চালান অনুযায়ী হিসাবের গরমিল ধরা পড়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে সরকারি ওষুধ পরিবহনের দায়িত্ব দেওয়া হয় ট্রাকচালক অনুপ দেবনাথকে। তাঁর সঙ্গে ছিলেন সহকারী সজিব মিয়া। ঢাকা মেট্রো-ড-১১-৭৪৫০ নম্বরের ট্রাকে চারটি চালানের ওষুধ তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল।
হাসপাতালে ওষুধ নামানোর সময় ১২৮৩০ নম্বর চালানের ফেরাস ফিউমারেট ও ফলিক অ্যাসিডের ৭ হাজার ট্যাবলেট এবং ১০৮১৪৭ নম্বর চালানের প্যান্টোপ্রাজল ২০ মিলিগ্রামের তিন কার্টন ওষুধ বুঝিয়ে দিতে পারেননি চালক ও তাঁর সহকারী। এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৩০ টাকা।
ওষুধের হিসাব নিয়ে হাসপাতালের স্টোরকিপার স্বর্ণা দাশের সঙ্গে চালক ও হেলপারের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাঁদের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর চালক ও হেলপারকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় হাসপাতালের স্টোরকিপার স্বর্ণা দাশ বাদী হয়ে চালক, হেলপার ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নবীগঞ্জ থানায় সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগে মামলা করেন। ১০ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ০৯। বুধবার (১১ নভেম্বর) সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ট্রাকচালক অনুপ দেবনাথ। তাঁর দাবি, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো। স্টোরকিপার নিজের দায় এড়াতে তাঁদের ফাঁসিয়েছেন। তাঁদের কাছে যে পরিমাণ ওষুধ বুঝিয়ে দেওয়া হয়েছিল, তাঁরা সেটুকুই হাসপাতালে পৌঁছে দিয়েছেন।
অন্যদিকে স্টোরকিপার স্বর্ণা দাশের দাবি, তিনি নিজে ঢাকায় অবস্থান করে চালান অনুযায়ী ওষুধ চালক ও হেলপারের কাছে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চার কার্টন ওষুধের হিসাব দিতে পারেননি তাঁরা। তাঁদের কথাবার্তায় অসংগতি ও সন্দেহ দেখা দেওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মসাৎ হওয়া ওষুধ উদ্ধারের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ ওষুধ পরিবহনের পথে কীভাবে উধাও হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং সরকারি ওষুধের প্রকৃত গন্তব্য কোথায়, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।