মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলের মুখ চেপে ধরে সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই নারী কনস্টেবলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুই যুবক।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ৩০ বছর বয়সী ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দায়িত্ব পালন শেষে সিভিল পোশাকে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী কনস্টেবল। রাত আনুমানিক ৮টার দিকে ইউনিয়ন পরিষদের কাছের একটি নির্জন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে এক যুবক তাঁর মুখ চেপে ধরেন। এরপর তাঁকে সড়কের পাশের ফাঁকা জায়গায় জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অপর এক যুবক মোটরসাইকেল নিয়ে পাশে অপেক্ষা করছিলেন।
ওই নারী কনস্টেবলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুই যুবক দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলস্টেশনের দিকে পালিয়ে যান। দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে পারেনি।
ঘটনার পর আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছে পুলিশ। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই যুবককে দেখা গেছে। ওই নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজনকে পেছন পেছন যেতে দেখা যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলে আসা দুই যুবককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নারী কনস্টেবলের স্বামী জানান, তাঁর স্ত্রী প্রায়ই ডিউটি শেষে হেঁটে একা বাসায় ফেরেন। ঘটনার দিনও একইভাবে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। তবে তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো কিছু নেওয়া হয়নি।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওসি। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।