Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০১:৩২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদের পর সরাইল থানার সেই ওসি বদলি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০১:৩২ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।


বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম।


মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় ওসি হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪৫ জন মাদক কারবারি, ৪৩ জন পেশাদার ডাকাত, ৪৫৪ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫৫ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।


এ সময়ে পুলিশ ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা ও ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে। পাশাপাশি কয়েকটি হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার রহস্য উদ্‌ঘাটন এবং আসামি গ্রেপ্তারের তথ্যও প্রকাশিত হয়।


তবে দায়িত্ব পালনকালে বিভিন্ন ঘটনায় বিতর্কের মুখেও পড়েন এই পুলিশ কর্মকর্তা। বিশেষ করে গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।


জানা যায়, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে ওই রাতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেন ওসি মনজুর কাদের ভূঁইয়া। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে এ ঘটনায় থানার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


এ ছাড়া পুলিশের চাকরিতে যোগদানের পরও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশের চাকরিতে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। সমিতির নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি।


এদিকে মনজুর কাদের ভূঁইয়ার বদলির আদেশ জারির পর সরাইল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com