Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ১২:০১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

আসামি ছিনতাইয়ের ঘটনায় জৈন্তাপুরে পুলিশের কঠোর অবস্থান, মামলায় বিএনপি নেতাসহ ৩৯ জন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ১২:০১ অপরাহ্ন

সিলেট :

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা এস ইউ সাদ্দামকে প্রধান আসামি করে ৩৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।


মঙ্গলবার (১০ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ।


মামলার অন্য নামীয় আসামিরা হলেন—হেলাল উদ্দিন (৫২), আল মারজান (২৩), ফাহিম আহমদ (২০), রফিকুল ইসলাম (৬২), মামুন (২৬), শাহজাহান (৪৫), বিল্লাল, অলি উল্লাহ (৫১), সোহেল আহমদ (৪৪), আনোয়ার হোসেন (৩৮), মতিউর রহমান (৪২), জহির উদ্দিন (৪২), তাজুল ইসলাম (৪০), ইয়াহিয়া মাহমুদ (৩৫), আল আমিন (৩৫), খালিক মহালদার (৪৪), মামুনুর রশীদ (৩৫), আমির মিয়া (৪৫), রইছ (৪৫), কালাম (৪০), গিয়াস উদ্দিন (৩৫), আলিম উদ্দিন (৩৫), ওয়ারিছ আলী (৩৫), জমির উদ্দিন (৪০), জিয়াউর রহমান (৪৫), ক্বারী মিয়া (৪৮), জালাল (৫০), বাবুল শিকদার (৪০), শামীম (৩০), তরিক উল্লাহ, মুমিম (৩৪), আবুল (৪৩), নাজিম (৩৯), জাহাঙ্গীর (২০), শাকিল (২৫), জুবের (৩৮), শরীফ (২৪) ও নজরুল ইসলাম (৪২)।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোং-এর সামনে থেকে আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।


তাঁকে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। পরে একদল ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।


এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই দিন গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।


এদিকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, তাঁদের আইনের আওতায় আনতে হবে। বিএনপির কোনো সদস্য জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com