Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০৫:১৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তিগঞ্জে বাঁধ-সড়ক নেই, ঝুঁকিতে ১ হাজার হেক্টর ফসল; দুর্ভোগে ১০ গ্রামের ১০ হাজার মানুষ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০৫:১৭ অপরাহ্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাংহাই ও খাই হাওরের মধ্যবর্তী এলাকায় ফসল রক্ষা বাঁধ ও সড়ক না থাকায় চরম দুর্ভোগে রয়েছেন অন্তত ১০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। জেবিবি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হাসকুড়ি গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বাঁধ নির্মিত না হওয়ায় প্রতিবছর দুই হাওরের প্রায় এক হাজার হেক্টর বোরো ফসল ঝুঁকির মুখে পড়ে। একই সঙ্গে বর্ষা ও শুষ্ক মৌসুমে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।


দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ বাঁধ ও সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এখনো তা বাস্তবায়িত না হওয়ায় প্রতিবছর কৃষকদের স্বেচ্ছাশ্রমে বোরো ফসল রক্ষার চেষ্টা করতে হয়। এতে সময়, শ্রম ও অর্থ ব্যয়ের পাশাপাশি শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের চলাচলেও নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।


এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের নির্দেশনায় বাঁধ ও সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম এবং পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মোহন।


এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী আবুল হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ, সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, একাত্তর টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহিদনুর আহমেদ, সমাজসেবী আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, চলতি মৌসুমেই বাঁধটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তাঁদের বক্তব্যে স্থানীয়দের অভিযোগের প্রসঙ্গও উঠে আসে। এলাকাবাসীর দাবি, বিগত সরকার ভোটের রাজনীতির কারণে গুরুত্বপূর্ণ এ বাঁধ নির্মাণ করেনি। ফলে প্রতিবছর নিজেদের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষার চেষ্টা করতে হয়েছে কৃষকদের।


সংশ্লিষ্টরা বলেন, বর্তমান সরকার মানুষের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ। বাঁধটি নির্মিত হলে সাংহাই ও খাই হাওরের বোরো ফসল সুরক্ষিত হওয়ার পাশাপাশি অন্তত ১০টি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিও উপকৃত হবে।


দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে বাঁধ ও সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাসে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। তবে তাঁদের প্রত্যাশা, শুধু আশ্বাসে সীমাবদ্ধ না রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফসল রক্ষা ও যোগাযোগের স্থায়ী সংকট দূর করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com