সিলেট :
‘আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে উইমেন্স মডেল কলেজের ‘ডব্লিউএমসি বিজ্ঞান উৎসব-২০২৬’। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে ২০টি বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী মডেল প্রদর্শন করে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে উইমেন্স মডেল কলেজ, সিলেটের উদ্যোগে এ বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানবিষয়ক বইমেলার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের সিনিয়র প্রভাষক আবু তালহা পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে আগামীর স্মার্ট, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ। বিজ্ঞান মেলা শুধু নতুন কিছু আবিষ্কারের প্রদর্শনী নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের এক অসাধারণ সুযোগ। আজকের ছোট্ট একটি চিন্তাই আগামী দিনের বড় কোনো আবিষ্কারের সূচনা হতে পারে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রচলিত চিন্তার বাইরে গিয়ে প্রশ্ন করতে হবে, নতুন কিছু ভাবতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ।
অভিভাবকদের উদ্দেশ্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সন্তানদের ওপর নিজেদের পছন্দ বা সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। বরং তাদের নিজস্ব আগ্রহ, পছন্দ ও মেধার জায়গাটি চিহ্নিত করে সেই অনুযায়ী এগিয়ে যেতে উৎসাহিত ও সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডব্লিউএমসির উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল ইনচার্জ ও সহকারী অধ্যাপক মরিয়মুন্নেছা মল্লিকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি মাসুদে রাব্বানী, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপালি রানী বিশ্বাস এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর।
উৎসবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রদর্শিত ২০টি উদ্ভাবনী মডেলের মধ্যে উল্লেখযোগ্য ছিল বায়ুদূষণ নিয়ন্ত্রণ, কারখানার ধোঁয়া পরিশোধন, প্লাস্টিক ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানিচক্র, বন্যার আগাম সতর্কবার্তা, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জৈব সার উৎপাদন, স্মার্ট ড্রেনেজ ব্যবস্থাপনা, নারীর নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং কণ্ঠনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।
এসব মডেলের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমস্যা চিহ্নিত করার পাশাপাশি বাস্তবসম্মত ও উদ্ভাবনী সমাধানের ধারণা তুলে ধরে। পাশাপাশি বিজ্ঞানবিষয়ক বইমেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞান অর্জনে উৎসাহিত করা হয়।
উৎসবের সমাপনী পর্বে স্কুল ও কলেজ—দুই বিভাগে পৃথকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে পুরস্কৃত করা হয়। উভয় বিভাগে প্রথম স্থান অধিকারী দলকে পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী দলকে তিন হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে দুই হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়। এ ছাড়া উৎসবে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, অভিভাবক এবং উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।