Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০২:৫৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে আঞ্জুমানের ৫ম দশসালা মহাসম্মেলন শুরু ১২ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০২:৫৬ অপরাহ্ন

সিলেট :

পবিত্র কুরআনের বিশুদ্ধ কিরাআত শিক্ষা ও কুরআনিক শিক্ষার প্রসারে কাজ করা প্রতিষ্ঠান আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ৫ম দশসালা দস্তারবন্দী মহাসম্মেলন। আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর নগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বরেণ্য আলেম-ওলামা, মাশায়েখ ও ক্বারীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠবে সম্মেলনস্থল।


মঙ্গলবার বিকেলে সম্মেলন সফল করতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের সহসাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮২ সালে শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক (রহ.)-এর হাতে প্রতিষ্ঠিত আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পবিত্র কুরআনের বিশুদ্ধ কিরাআত শিক্ষা ও কুরআনিক শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুরআনের খেদমতকে মূল লক্ষ্য ও আদর্শ হিসেবে গ্রহণ করে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসংখ্য শিক্ষার্থীকে কুরআনের শিক্ষা দিয়ে আসছে।


তিনি জানান, এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় অর্ধলক্ষ দক্ষ পুরুষ ও নারী ক্বারী তৈরি করেছে। এসব ক্বারী দেশ-বিদেশে সহিহ কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিষ্ঠানটি এবার ৪৬তম বছরে পদার্পণ করেছে।


মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক বলেন, প্রতিষ্ঠানের নির্ধারিত শিক্ষাক্রম সম্পন্ন করে সমাপনী বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ক্বারী হিসেবে স্বীকৃতি এবং দস্তারে ফযিলত প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) তিন দিনব্যাপী ৫ম দশসালা দস্তারবন্দী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।


তিনি আরও জানান, সম্মেলনে কুরআন শিক্ষায় বিশেষ অবদান রাখা এবং নির্ধারিত শিক্ষাক্রম সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী করা হবে। এ সময় পুরুষ শিক্ষার্থীদের পাগড়ি ও নারী শিক্ষার্থীদের ওড়না, সম্মাননা সনদ এবং বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হবে। পাশাপাশি দেশ-বিদেশের বিশিষ্ট ওলামা-মাশায়েখ, ক্বারী ও সুধীবৃন্দ মূল্যবান নসিহত ও আলোচনা পেশ করবেন।


গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি দ্বীনি ও শিক্ষামূলক আয়োজনের সফলতা অনেকাংশে নির্ভর করে গণমাধ্যমের সহযোগিতা ও প্রচারের ওপর। গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনী, সংবাদ ও প্রচারণার মাধ্যমে এ মহতী উদ্যোগের বার্তা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুর রহিম আজমী, প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন, দফতর সম্পাদক ক্বারী ইহসান বিন সিদ্দিক, মজলিসে শূরা সদস্য ইবাদ বিন সিদ্দিক এবং দশসালা দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য আফরোজ খান প্রমুখ।


তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কুরআনের বিশুদ্ধ শিক্ষা বিস্তার, দক্ষ ক্বারী তৈরি এবং দ্বীনি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com