Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:৫৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:৫৬ অপরাহ্ন

সিলেট :

সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদসহ মহরম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। রোববার (৮ নভেম্বর) রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগরের ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


সোমবার (৯ নভেম্বর) এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টা ১০ মিনিটের দিকে এসআরবি-৯-এর সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল এয়ারপোর্ট বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কোম্পানীগঞ্জ এলাকা থেকে সাদাপাথর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে সিলেট শহরের দিকে আসছেন।


এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এসআরবি-৯-এর সদস্যরা। এ সময় সাদাপাথর এক্সপ্রেস বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে এক যাত্রীর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ ও একটি স্কুলব্যাগ থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মহরম আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরগাঁও গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।


এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করে তাঁকে ও উদ্ধার করা মাদকদ্রব্য এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com