হবিগঞ্জ প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
দিবসের কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় একই স্থান থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাণী প্রচার করা হয়। এরপর সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টা ১৫ মিনিটে টিআর প্যালেসের নিচতলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত), সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের চেয়ারম্যান, বিভাগীয় ও দপ্তরপ্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বতঃস্ফূর্ত বক্তব্য দেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। এ দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যই আমাদের শক্তি।
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং দেশের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সর্বাঙ্গীণ সাফল্য এবং দেশের উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেন উপাচার্য।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও স্থিতিশীলতার গুরুত্ব অপরিসীম। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা এবং জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
এদিকে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে সকাল সাড়ে ১১টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া বাদ জোহর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ অন্যান্য শহীদের আত্মার মাগফিরাত কামনায় ভাংগারপুল সংলগ্ন ভাদৈ জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সামনে জাতীয় পতাকা অবনমনের মধ্য দিয়ে দিবসের আয়োজনের সমাপ্তি ঘটে।