Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ১২:৫৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সুরমার ভয়াবহ ভাঙনে বিলীন ২০০ ফুট বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি আবুল হাসান

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ১২:৫৯ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে সুরমা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।


শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার চারিগ্রাম (নালুহাটি) গাংপার অংশে তিনি সরেজমিনে ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সুরমা নদীর তীব্র ভাঙনে ওই এলাকার প্রধান বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের শত শত বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। বেড়িবাঁধের অংশবিশেষ ভেঙে যাওয়ায় স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক এ ভাঙনে এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।


পরিদর্শনকালে সংসদ সদস্য মুফতি আবুল হাসান ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি ভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণে সংশ্লিষ্ট পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও যুব মজলিস নেতা খায়রুল ইসলাম, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি ও খেলাফত মজলিস নেতা সাংবাদিক রহমত আলী হেলালী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নাসহ খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com