Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ১২:১৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

লাখাইয়ে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ১২:১৭ পূর্বাহ্ন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ উপলক্ষে শনিবার দুপুরে লাখাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং দলীয় চেয়ারম্যান প্রার্থীরা গাড়িবহর নিয়ে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি হবিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।


পরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শাহা আলম গোলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন।


সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছু উদ্দীন, সহসভাপতি আওয়াল ভুঁইয়া, মো. শাহাজান মিয়া ও এম এ মোতালিব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিয়া মোহাম্মদ লায়েছ, ছাত্রদলের সদস্যসচিব আজম আহম্মেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খরছু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রানা তালুকদার, গণশিক্ষা সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রহিছ উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট কাওসার, উপদেষ্টা কামরুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোয়াগ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, ফরিদুর ইসলাম ও শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায় সূচিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।


বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।


আলোচনা সভায় ৭ নভেম্বরের চেতনায় একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com