Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ০৬:৩০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সুনামগঞ্জে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন, বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ০৬:৩০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, মো. আকবর আলী, নাদীর আহমদ, মো. রেজাউল হক, আ. ত. ম. মিসবাহ ও অ্যাডভোকেট শেরেনুর আলী।


এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন, সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারাচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্যসচিব অ্যাডভোকেট দীপংকর বণিক সুজিত এবং পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।


আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর কেবল অতীত স্মরণের দিন নয়; এটি গণতান্ত্রিক অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এ সময় তাঁরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অনেকে নানা ধরনের সমালোচনা করছেন। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তাঁরা।


কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com