Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:০৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গরু চুরির অভিযোগে মাধবপুরে চার বাড়িতে হামলা-ভাঙচুর, আসবাবপত্রে অগ্নিসংযোগ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:০৪ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চার ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দিনের বেলায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তদের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ চুরি-ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াইম গ্রামের কৃষ্ণপদ সরকারের একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্য আবিদ মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্তদের বাড়িতে যান। একপর্যায়ে ওই বাড়িগুলোতে ভাঙচুর চালানো হয়। ঘরের আসবাবপত্র বাইরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত উসমান মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), মৃত সক্কদর মিয়ার ছেলে সামছু মিয়া (২৬) এবং মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। শুধু পিয়াইম গ্রাম নয়, আশপাশের বিভিন্ন গ্রামেও তাঁরা চুরি-ডাকাতি করেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও করেছেন স্থানীয়রা।


এ ছাড়া চুরি-ডাকাতির সময় বিভিন্ন বাড়ির নারীদের ধর্ষণের অভিযোগও তুলেছেন গ্রামবাসী। তবে সামাজিক সম্মানহানির আশঙ্কায় ভুক্তভোগীরা প্রকাশ্যে অভিযোগ করতে চাননি বলে দাবি তাঁদের। এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা আনুষ্ঠানিক অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।


পিয়াইম গ্রামের বাসিন্দা মুতি মিয়া ও জামাল মিয়া জানান, অভিযুক্তদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, চাপাতিসহ চুরি-ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তাঁরা প্রকাশ্যে চলাফেরা করেন এবং রাতের বেলায় চুরি-ডাকাতিতে জড়িত থাকেন।


এ বিষয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আশিস দে বলেন, সাজু মিয়ার বিরুদ্ধে একটি এবং অন্য ব্যক্তিদের বিরুদ্ধে চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে। তবে অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


তবে গরু চুরির অভিযোগ, বাড়িঘরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ এবং স্থানীয়দের তোলা অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com