Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১২:০৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বড়লেখায় চুরির মামলার রহস্য উদ্ঘাটন, ৭ আসামি গ্রেপ্তারসহ সাফল্যে পুরস্কৃত এসআই শফিকুল

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১২:০৬ পূর্বাহ্ন

বড়লেখা প্রতিনিধি, মৌলভীবাজার: চুরির মামলার রহস্য উদ্ঘাটন, সাত আসামিকে গ্রেপ্তার এবং চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারে বিশেষ সাফল্য অর্জন করায় মৌলভীবাজারের বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।


বুধবার (৪ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে স্বীকৃতিসনদ ও বিশেষ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে বড়লেখা থানায় দায়ের করা একটি সিঁধেল চুরি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন এসআই শফিকুল ইসলাম। তাঁর তদন্ত ও অভিযানে মামলার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি চুরির ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়।


এ সময় আসামিদের কাছ থেকে ২ ভরি ১১ আনা ৯ পয়েন্ট স্বর্ণালংকার, নগদ ১ লাখ ১৫ হাজার টাকা এবং দুটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। মামলার তদন্তে পেশাদারিত্ব, অপরাধী শনাক্ত, আসামি গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে বিশেষ অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।


উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। বড়লেখা থানার এসআই শফিকুল ইসলাম ছাড়াও শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূইয়া এবং মৌলভীবাজার সদর থানার এসআই আশরাফুল আলম চৌধুরী তদন্ত ও পেশাগত সাফল্যের জন্য বিশেষ পুরস্কার লাভ করেন।


জেলা পুলিশের এ স্বীকৃতি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও অপরাধ দমনে পুলিশ সদস্যদের উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com