Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ০১:৪৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অগ্রগতি জানালেন তারেক রহমান

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ০১:৪৮ পূর্বাহ্ন

: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফর এবং সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।


সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে একান্ত বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক এবং দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনার বিষয়গুলো রাষ্ট্রপতিকে জানান।


এ সময় তাঁরা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপান সফরে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্ব, বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।


প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।


এর আগে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।


এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিব-২সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ৩ নভেম্বর ২০২৬।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com