Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ১২:০৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সীমান্তে অপরাধে জড়ালে কঠোর পরিণতির সতর্কতা, জকিগঞ্জে বিজিবির সচেতনতামূলক সভা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ১২:০৪ পূর্বাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও মানবপাচারসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন করতে সিলেটের জকিগঞ্জে আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সভায় সীমান্ত অপরাধে জড়িয়ে না পড়ার পাশাপাশি অপরাধের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।


মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার আমলশিদ এলাকায় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে এ সভার আয়োজন করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীন আমলশিদ বিওপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার।


সভায় স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১২০ থেকে ১৫০ জন বাসিন্দা উপস্থিত ছিলেন।


আলোচনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও বিএসএফের পুশইন প্রতিরোধের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্তের অপদখলীয় ভূমি নিয়ে সৃষ্ট পরিস্থিতি, সীমান্তের শূন্যরেখায় মাছ ধরা এবং সেখানে অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।


সভায় নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধেও জনসাধারণের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব অপরাধের কোনো তথ্য পাওয়া গেলে তা গোপন না রেখে দ্রুত বিজিবি কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।


প্রধান অতিথির বক্তব্যে এ কে এম নুরুজ্জামান তরফদার বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অপরাধে কেউ যেন জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।


এ সময় কোম্পানি কমান্ডার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।


স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘটে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com