সিলেট মহানগরীতে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) বিকেলে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল লাক্কাতুরা চা-বাগানস্থ শেখ সুমনের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ওই ঘরে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সিলেটের শাহপরান (রহ.) থানাধীন চৌধুরীপাড়ার মৃত ছবির আলীর ছেলে আলী হোসেন (৩০), এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিছার আব্দুর নূরের ছেলে আসদ্দর আলী (৫২), এয়ারপোর্ট থানাধীন ২৯ দিগন্ত, ইলেকট্রিক সাপ্লাই রোডের আইয়ুব আলীর ছেলে খোরশেদ আলম (৪৩), শাহপরান (রহ.) থানাধীন উত্তর বালুচরের সামছুল আলমের ছেলে রোমান আহমেদ (৩৩) এবং এয়ারপোর্ট থানাধীন খাসদবীর সৈয়দমুগনীর মৃত রফিক মিয়ার ছেলে ইমন আহমেদ (৩০)।
পুলিশ জানায়, আটক পাঁচজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নন-এফআইআর মামলা নং-৪৮৯, তারিখ ২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, এসএমপি অ্যাক্ট, ২০০৯-এর ৯৫ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।