Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১১:১৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

পোশাকশিল্পে অস্থিরতার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে সরকার: শ্রমমন্ত্রী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১১:১৩ অপরাহ্ন

ঢাকা :

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের পেছনে দেশকে অস্থিতিশীল করার রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখে শ্রমিকদের সঙ্গে সম্পৃক্ত নয়—এমন একটি গোষ্ঠী বিভিন্ন সংগঠনের মাধ্যমে ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত রয়েছে। সরকার রাজনৈতিকভাবে এসব অপচেষ্টা মোকাবিলা করবে।


রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পোশাক খাতের অস্থিরতা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শ্রমমন্ত্রী।


বৈঠকের বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠন এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।


শ্রমমন্ত্রী আরও জানান, শিল্পকারখানা যেন স্বাভাবিকভাবে পরিচালিত হয় এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় থাকে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার কথা বৈঠকে বলা হয়েছে।


এর আগে রোববার সকালে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও গাজীপুরের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে সাভারে অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি কারখানা রয়েছে।


রাজধানীর মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। মিরপুর-১০ ও মিরপুর-১১ এলাকায় সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও যমুনা ব্যাংকের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


অন্যদিকে, সাভারের আশুলিয়ায় শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।


শ্রমিক অসন্তোষের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।


বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সূত্র: বাংলা ট্রিবিউন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com