ঢাকা :
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে এবং জনগণের জানমাল যেন নিরাপদ থাকে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন তিনি।
ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এ ধরনের ফ্যাসিবাদী ষড়যন্ত্র সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের আন্দোলন, মিরপুরের সংঘর্ষসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।