Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০১:০৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ভবিষ্যতে স্বৈরতন্ত্র ঠেকাতে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০১:০৪ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক দল ও জনগণের পারস্পরিক ঐক্য এবং রাজনৈতিক সমঝোতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেছেন, ভবিষ্যতে দেশে যাতে আর কোনো স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা কিংবা স্বৈরশাসকের আবির্ভাব না ঘটে, সে জন্য প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঐকমত্য ও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে, যাতে তা দীর্ঘস্থায়ী ও টেকসই হয়।


শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মনসুন থিয়েটারে আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আলোচ্য বিষয় ছিল ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের সুরক্ষায় কার্যকর ‘ওয়াচডগ’ প্রতিষ্ঠান গড়ে তোলাও সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।


স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। তাঁর মতে, এটি দেশের সাংবিধানিক সংকট ও স্বৈরতন্ত্রের ভিত্তি তৈরি করে।


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা বাকশাল-পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস এবং ফ্যাসিবাদী শক্তির উত্থানের অন্যতম মূল কারণ। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। ওই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পতন ঘটায় বলেও উল্লেখ করেন তিনি।


মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এমনভাবে সাজাতে হবে, যাতে জাতীয় অভিপ্রায়ের প্রতিফলন ঘটে। বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি বিচারকদের জবাবদিহিও আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে, যেন রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী হয়ে উঠতে না পারে।


এ সময় উচ্চকক্ষ প্রবর্তন, নির্বাচনী ব্যবস্থায় আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি এবং গণভোটসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবের বিষয়ে বিরোধী দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মহাপরিচালক এহসান মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। আলোচনায় আরও অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান।


সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com