Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ০২:৫৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি সিলেট অনলাইন প্রেসক্লাবের

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ০২:৫৬ পূর্বাহ্ন

সিলেট :

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় এসব দাবি জানানো হয়।


ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. কামরুল আলম, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য মো. মশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ।


সভায় বক্তারা বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব পালন এবং তথ্য সংগ্রহের অধিকারকে বাধাগ্রস্ত করার শামিল।


তাঁরা বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রোগীর স্বজনদের ওপর মারধরের ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলার শিকার হওয়ার বিষয়টি আরও উদ্বেগজনক।


সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা তাঁদের ওপর শারীরিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত দেন নেতারা। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


একই সঙ্গে আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।


যেভাবে হামলার শিকার হন দুই সাংবাদিক


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। এ ঘটনায় দুই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় আহত হন।


এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা রক্ষা এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।


৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


এদিকে সভায় সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৭ নভেম্বর থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে।


এ উপলক্ষে পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খানকে এবং সদস্যসচিব করা হয়েছে ক্লাব সদস্য মো. আলমগীর আলমকে।


কমিটির অন্য সদস্যরা হলেন তথ্যপ্রযুক্তি সম্পাদক কামরুল আলম, সাধারণ সদস্য ফাহিম আহমদ ও মো. আমির উদ্দিন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩০.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com