সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ও সংগঠনের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, জেলা বিএনপি নেতা মো. আকবর আলী, জেলা বিএনপির সদস্য মো. রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।
বক্তব্যের শুরুতে কলিম উদ্দিন আহমদ মিলন ও অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তাঁর দোসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাঁরা অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তা মোকাবিলা করবেন বলে তাঁরা আশাবাদী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।