Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জে সংস্কৃতি চর্চায় ইনস্টিটিউট গড়ার উদ্যোগ নেওয়া হবে: কয়ছর আহমদ

১৬ অক্টোবর ২০২৬ • ০২:০২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জে সংস্কৃতি চর্চার প্রসারে প্রয়োজনে ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। তিনি বলেন, সুনামগঞ্জে অনেক লেখক, কবি ও গীতিকারের জন্ম হয়েছে। এ অঞ্চলে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। বর্তমান সরকারও সংস্কৃতি চর্চার বিষয়ে আন্তরিক।


মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণের ঝিলমিল অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কয়ছর আহমদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ অন্যান্য লেখক, কবি ও গীতিকারদের নিয়ে চর্চা দিন দিন কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের সাহিত্য ও সৃষ্টিকর্ম হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এসব ঐতিহ্য হারিয়ে যেতে দেওয়া হবে না।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কাজী নজরুল ইসলামকে স্মরণ করে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে নজরুল চর্চায় নতুন গতি এসেছে। নতুন প্রজন্ম নজরুলের কবিতা আবৃত্তি করছে, প্রবন্ধ পড়ছে ও লিখছে। এগুলো আমাদের জীবনের অংশ, আমাদের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। তাই নিজেদের সংস্কৃতিকে হারিয়ে যেতে দেওয়া যাবে না।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ এবং শান্তিগঞ্জের একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী।


এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জহুরা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জেলা বিএনপির সদস্য নূর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আবদাল হোসেন ও আবুল কাশেম নাঈম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুমসহ অনেকে।


এর আগে আরও দুই কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য


নজরুল বর্ষের অনুষ্ঠানের আগে মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।


এর আগে দুপুর ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।


সংস্কৃতি চর্চার প্রসার, নতুন প্রজন্মকে সাহিত্য ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com