জৈন্তাপুরে গভীর রাতে বালু উত্তোলনবিরোধী অভিযান, স্টিলের নৌকা ডুবিয়ে দিল প্রশাসন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় লালাখাল ও সারি-২ নদীতে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে একটি স্টিলের নৌকা জব্দ করা হয়। পরে নৌকাটি বিনষ্ট করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের সময় নৌকাটি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীর পরিবেশ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী এলাকার স্থিতিশীলতা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।