হোয়াটসঅ্যাপে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, ফেঞ্চুগঞ্জে আটক ব্যক্তির কারাদণ্ড
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: যাত্রীর অভিযোগের ভিত্তিতে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ বাজার থেকে তাঁকে আটক করা হয় বলে জেলা প্রশাসনের দেওয়া তথ্যে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী এক যাত্রী টিকিট কালোবাজারে বিক্রির বিষয়ে অভিযোগ করেন। ওই যাত্রীর দেওয়া একটি মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে ফেঞ্চুগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।
প্রশাসনের দাবি, আটক ব্যক্তির মোবাইল ফোনে পাওয়া টিকিট এবং তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি ফেঞ্চুগঞ্জে অবস্থান করেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলেটের যাত্রীদের কাছে কালোবাজারে ট্রেনের টিকিট সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। পরে আটক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, টিকিট কালোবাজারির বিরুদ্ধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।