Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জামালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ সভা, গুজব-উসকানি প্রতিরোধে গুরুত্ব

১২ অক্টোবর ২০২৬ • ১১:২৪ অপরাহ্ন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


রোববার (১১ অক্টোবর) দুপুরে জামালগঞ্জ থানার আয়োজনে থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী। উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায় সভা সঞ্চালনা করেন।


সভায় বক্তব্য দেন বাবু সুবোধ তালুকদার (বেহেলী রাজাপুর), সুধাংশু তালুকদার (ছয়হারা), প্রদীপ তালুকদার (রাজাপুর), বিমল দাস (সাচনা বাজার ইউনিয়ন), গোবিন্দ দাস (জামালগঞ্জ উত্তর ইউনিয়ন), টিপন রায় (ভীমখালী ইউনিয়ন), সুমন পাল চৌধুরী (সাচনা জগন্নাথ আখড়া), রবীন্দ্র কুমার দাস (মিলন যুব সংঘ), সিন্ধু ভূষণ তালুকদার, অখিল পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সমরেন্দ্র আচার্য শম্ভু, সজীব বণিক, আনোয়ার হোসেন, নুর আহমেদ, পীযূষ কান্তি তালুকদার, অঞ্জন পুরকায়স্থ ও তৌহিদ চৌধুরী প্রদীপসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা।


সভায় বক্তারা বলেন, জামালগঞ্জ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ঐতিহ্য ধারণ করে আসছে। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করতে হবে।


তাঁরা আরও বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, পূজা উদ্‌যাপন কমিটি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।


সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের কোনো তথ্য ছড়িয়ে পড়লে যাচাই না করে তা প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান বক্তারা।


সভাপতির বক্তব্যে ওসি মো. বন্দে আলী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের পাশাপাশি আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা অপপ্রচার ছড়ালে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। জামালগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com