Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার কারণ অনুসন্ধান করছে পুলিশ

১০ অক্টোবর ২০২৬ • ০৮:০৭ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্ত এলাকায় শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় এলাকায় সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


নিহত শাহিন আহমদ কানাইঘাট উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তবর্তী সোনারখেওড় এলাকার একটি কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পরিবারের সদস্যদের খবর দেন। নিহতের বড় ভাই জসিম উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে জানান।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কীভাবে এবং কার গুলিতে শাহিনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় কয়েকজনের ভাষ্য, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। তাঁদের ধারণা, শুক্রবার রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা অন্য কেউ তাঁকে গুলি করেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।


এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, খবর পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন দিনমজুরের কাজ করতেন। তাঁর স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com