সিলেট: উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী বা সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকটির সিলেট উপশহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিলেট উপশহর শাখার ব্যবস্থাপক আব্দুল মুনিমের নেতৃত্বে উপশহর পয়েন্ট থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবিসি পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে উপশহর শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও গ্রাহকদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তারা।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিম বলেন, পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন ও মানসম্মত সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। গ্রাহকদের অব্যাহত সমর্থন ও সহযোগিতায় ব্যাংকটি আজ এই মাইলফলকে পৌঁছেছে। ভবিষ্যতেও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিয়ে গ্রাহকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপশহর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. আব্দুল মোহায়মেন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার আব্দুল্লাহ আল ইমরান, ব্যাংকের শিবগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ হোসাইন মাহমুদ এবং জালালপুর উপশাখার অফিসার ইনচার্জ ফকরুল ইবনে আমির ভূঁইয়া।
এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা অনুষ্ঠানে অংশ নেন।