Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৩:১৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

আইফোন দেখেই বাড়ে লোভ: স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে সিএনজিচালক আটক, ফোন উদ্ধার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৩:১৮ পূর্বাহ্ন

কুমিল্লা:

কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিন (১৩) হত্যাকাণ্ডের রহস্যজট খুলতে শুরু করেছে। হত্যাকাণ্ডের অন্যতম মূল কারণ হিসেবে কিশোরীর হাতে থাকা দামী আইফোনের প্রতি সিএনজিচালকের লোভের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশাচালক মো. সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোনটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তাজমিন। এরপর সে ব্রাহ্মণবাড়িয়া ও পরে কক্সবাজারে যায়। গত ৭ অক্টোবর রাতে কক্সবাজার থেকে ফিরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নুরজাহান হোটেলের সামনে নামে সে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাঁধে ব্যাগ ও হাতে মোবাইল ফোন নিয়ে তাজমিন শহরের রেসকোর্সের বাসায় ফেরার জন্য মো. সুমনের সিএনজি অটোরিকশায় ওঠে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, সে সময় চালক সুমন মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। কিশোরীর হাতে আইফোন দেখে তার মধ্যে লোভ জন্মায়। সে শহরের পথে না গিয়ে গাড়ি নিয়ে লালমাই উপজেলার দিকে চলে যায়।

পরদিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের অদূরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল সুমনের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি। স্থানীয়রা জমিতে ধস্তাধস্তির আলামত দেখে পুলিশে খবর দেন।

পরবর্তীতে গাড়ির নিবন্ধনের সূত্র ধরে মালিককে শনাক্ত করার পর চালক সুমনের সম্পৃক্ততা নিশ্চিত হয় পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় তাজমিনের আইফোনটি। সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং সে একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। তবে হত্যার আগে কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া মেয়েটির দূরপাল্লার ভ্রমণ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, আইফোনের তথ্য, সিসিটিভি ফুটেজ ও গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি মিলিয়ে ঘটনার সামগ্রিক রহস্য উদঘাটন করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com