জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাসকে পুনরায় সভাপতি এবং মাস্টার দুলাল চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপেন্দ্র পাল লালা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। প্রধান বক্তার বক্তব্য উপস্থাপন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক অরবিন্দ বর্মন বিন্দু, জেলা সদস্য সুনিল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি নিবারণ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক প্রণত কান্ত দেব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সহ-সভাপতি দুর্যোধন বিশ্বাস, ধীরেন্দ্র দেবনাথ, যুগ্ম সম্পাদক সুসেন দেব, সেবক পাল, সাংগঠনিক সম্পাদক অপন দে, ললিত রাম দাস, পূজা পরিষদের সহ-সভাপতি নান্টু ধর, চৈতন্য বিশ্বাস, যুগ্ম সম্পাদক শ্যামল দাস, নগেন্দ্র সরকার এবং যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অর্জুন বিশ্বাস প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে রাজেশ দাস, ভক্ত চন্দ্র দাস, নিত্য লাল বিশ্বাস, নিপই দাস, সজল দাস, স্বপন সরকার, ইন্দ্র বিশ্বাস, অমূল্য পাল, মিন্টু দাস, ধন বিশ্বাস, লিটন সিং, অতুল বিশ্বাস, রিংকু চন্দ, সুরঞ্জিত দেব চৌধুরী, কানু বিশ্বাস, বিজয় বিশ্বাস, শ্যাম চরণ বিশ্বাস, দিলীপ দেবনাথ ও সুরঞ্জিত সরকার উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং সব ধর্ম ও মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেট ও কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাসকে সভাপতি এবং মাস্টার দুলাল চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।