Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | ১০:৩০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | ১০:৩০ অপরাহ্ন

সিলেট : ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, উৎপাদনশীলতার মূল বিষয় হলো কম খরচে অধিক উৎপাদন বা আউটপুট নিশ্চিত করা। এ জন্য ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করতে হবে। বিদেশি বিনিয়োগকারী এবং আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের কাজের সুযোগ সৃষ্টি করে সহজ ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


সিলেটের চা-বাগান প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বাগানগুলোকে আরও গতিশীল ও উৎপাদনমুখী করতে জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চা-বাগানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় প্রতিবেদন দেবে। পাশাপাশি চা-বাগানে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে আরও ছয়টি কমিটি কাজ করছে। সমস্যা চিহ্নিত হওয়ার পর তা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


এ সময় জেলা প্রশাসক আরও জানান, ট্রেড লাইসেন্স প্রাপ্তি এবং জয়েন্ট স্টক থেকে নিবন্ধন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার জন্য কাজ চলছে। ব্যবসায়িক সেবা সহজীকরণের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হিজকিল গুলজার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং ফুলকলি ফুডের উপমহাব্যবস্থাপক জসীম উদ্দিন।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), সিলেটের উপমহাব্যবস্থাপক সোহেল হাওলাদার। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


জাতীয় উৎপাদনশীলতা দিবসের এবারের প্রতিপাদ্যে উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়টি দিবসটির বিভিন্ন কর্মসূচিতে তুলে ধরা হচ্ছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com