জৈন্তাপুরে অভিযান চালিয়ে দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করল এসআরবি-৯
সিলেট:
সিলেটে নিখোঁজ হওয়ার চার দিন পর দুই মাদ্রাসাছাত্রকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারসংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই কিশোর হলো—সিলেট নগরীর খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. সাইদ মাসুদ চৌধুরী নাইম (১৫) এবং মো. তামিম আহমদ (১৫)। নাইমের বাবার নাম বাবুল আহমদ। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ থানার উত্তর মনসুরপুর এলাকায়। তামিমের বাবার নাম আব্দুস সাত্তার। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মাইজখোলা এলাকায়।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর ফজরের নামাজের সময় দুই কিশোর একসঙ্গে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে তারা মাদ্রাসায় ফিরে না আসায় মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমেদ বিষয়টি অভিভাবকদের জানান। বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে অভিভাবকেরা সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের দুই দিন পর ১৭ সেপ্টেম্বর সকালে নাইমের বাবার মোবাইল ফোনের ইমো অ্যাপে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। একই দিন সন্ধ্যায় ওই অ্যাকাউন্ট থেকে ভিডিও কল আসে। ভিডিও কলে নাইমের মতো দেখতে একজনকে হাত-পা বাঁধা অবস্থায় মারধর করার দৃশ্য দেখানো হয়। পরে আরও একটি ভিডিও পাঠানো হয়। বিষয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সদর কোম্পানি, সিলেটের একটি অভিযানিক দল জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর বাজারসংলগ্ন মায়ের দোয়া শাহজালাল রেস্টুরেন্টে অভিযান চালায়। সেখান থেকে দুই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই কিশোরকে জিজ্ঞাসাবাদে এসআরবি-৯ জানতে পারে, তারা মাদ্রাসায় পড়াশোনায় অনাগ্রহী ছিল। তাদের মধ্যে একজন এর আগেও দুইবার মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিল। গত ১৫ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে বের হয়ে তারা নিজেদের ইচ্ছায় জৈন্তাপুরের হরিপুর বাজারে গিয়ে ওই রেস্টুরেন্টে কাজ করছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া দুই কিশোরকে সিলেটের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।