Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ওষুধশিল্পে সহযোগিতা সম্প্রসারণের তাগিদ

বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কে নতুন গতি, ফরাসি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

১৭ সেপ্টেম্বর ২০২৬ • ০৪:১৭ অপরাহ্ন

মো. জুনেদ আহমদ, ফ্রান্স


বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে ফরাসি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়।


সাক্ষাৎকালে ফরাসি রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।


আলোচনায় বাংলাদেশের বিভিন্ন খাতে ফরাসি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং ওষুধশিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে এসব ক্ষেত্রে ফ্রান্সের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।


শ্রম অভিবাসনের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রমিক চলাচলের সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’ নীতি পুনর্ব্যক্ত করা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।


আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনকে সামনে রেখে দুই দেশের অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন তাঁরা। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়, বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করা হয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই পক্ষ।


অন্যদিকে ফরাসি রাষ্ট্রদূত বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে ফ্রান্সের আগ্রহ ও প্রস্তুতির কথা জানান। বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার উদ্যোগের প্রতিও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।


বৈঠকে দুই পক্ষই আশা প্রকাশ করে, নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর, গতিশীল ও বহুমাত্রিক হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com