Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে বিদেশে পাড়ি, ছেলেকে কোলে নেওয়ার আগেই প্রাণ গেল মতিউরের

সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে কোম্পানীগঞ্জের যুবক নিহত

১৭ সেপ্টেম্বর ২০২৬ • ১০:৪১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সৌদি আরবের রাজধানী রিয়াদে রান্না করা নিয়ে বিরোধের জেরে রুমমেটদের ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে সিলেটের কোম্পানীগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, একই কক্ষে থাকা দুই ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।


নিহত মতিউর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আবদুস সালামের ছেলে।


রান্না নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে মৃত্যু


প্রথম আলো ও সবুজ সিলেটের প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা এলাকায় একটি ভাড়া বাসায় ছয়জনের সঙ্গে থাকতেন মতিউর রহমান। গত সোমবার রাতে রান্না করা নিয়ে একই কক্ষে থাকা দুই ভাই নজরুল ইসলাম ও আমিনুল ইসলামের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।


একপর্যায়ে দুই ভাই মিলে মতিউরকে মারধর করেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে তাঁকে ছুরিকাঘাত করা হলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় রুমমেটরা তাঁকে হাসপাতালে না নিয়ে পালিয়ে যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।


পরে ওই কক্ষে থাকা কোম্পানীগঞ্জের এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পারেন স্বজনেরা। সৌদি আরবে থাকা এক আত্মীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মতিউরের মরদেহ উদ্ধার করেন বলে জানা গেছে। 


ছেলেকে কোলে নেওয়ার আগেই বাবাকে হারাল পরিবার


মতিউর রহমান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে যান। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় বিদেশে পাড়ি জমান তিনি। তবে সৌদি যাওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর একটি পুত্রসন্তান জন্ম নেয়। দেশে থাকা সেই সন্তান বাবাকে কোলে নেওয়ার সুযোগ পাওয়ার আগেই বাবাকে হারিয়েছে।


মতিউরের ভাই সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য তাঁর ভাই সৌদি আরবে গিয়েছিলেন। মতিউরের মৃত্যুর খবর শোনার পর তাঁর স্ত্রী বারবার সংজ্ঞা হারাচ্ছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 


হত্যাকাণ্ডের তদন্ত ও মরদেহ দেশে ফেরানোর দাবি


পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সৌদি আরবে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মতিউরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বশীল ব্যক্তিদের সহায়তা চেয়েছে পরিবার। 

বিজ্ঞাপন channeljaintanews24.com