Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ১ লাখ ৮০ হাজার টাকা

১৭ সেপ্টেম্বর ২০২৬ • ১২:৪২ পূর্বাহ্ন

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে খাদ্যপণ্যে ক্ষতিকর রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাবার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। এতে সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. শরিফ উদ্দিন ছাড়াও পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।


অভিযানে জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারি, সিয়াম ফাস্ট ফুড এবং হৃদয় কনফেকশনারী। এর মধ্যে সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারিকে ১ লাখ টাকা, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার টাকা এবং হৃদয় কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যে ক্ষতিকর রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।


জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক জানান, সাচনা বাজারের তিনটি বেকারি ও খাদ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। খাদ্যদ্রব্য তৈরিতে এমন ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।


তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারিকে ১ লাখ, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার এবং হৃদয় কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এ ছাড়া অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্যের গায়ে নতুন তারিখের লেবেল লাগিয়ে বিক্রির প্রমাণও পাওয়া গেছে। ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ পণ্যে ২০২৫ সালের লেবেল এবং ২০২৫ সালে মেয়াদোত্তীর্ণ পণ্যে ২০২৬ সালের লেবেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হচ্ছিল বলে জানান ইউএনও।


ইউএনও আরও বলেন, ক্ষতিকর উপাদান ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির মতো কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানার আওতায় আনা হয়েছে।


নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সাচনা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন channeljaintanews24.com