জৈন্তাপুর প্রতিনিধি, সিলেট
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য করতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে পূবালী ব্যাংক পিএলসি।
মতবিনিময় সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জৈন্তাপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পূবালী ব্যাংক পিএলসি, সিলেট পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সায়মা সুলতানা। স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, দরবস্ত শাখার ব্যবস্থাপক মোর্শেদ আলম।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবদুল মতিন, জৈন্তাপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং স্থানীয় নারী উদ্যোক্তা মেরী সুমের।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, সিলেট প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার রানেশ কান্ত দাস, জৈন্তাপুর উপ-শাখার ব্যবস্থাপক তাহমিদ চৌধুরী এবং চতুল বাজার শাখার ব্যবস্থাপক মো. মাহমুদ হাসানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভায় বক্তারা বাংলা কিউআর ব্যবহারের বিভিন্ন সুবিধা, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে এর ব্যবহার বাড়ানো এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অগ্রণী ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এনআরবিসি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, পল্লী সঞ্চয় ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের হাতে বাংলা কিউআর কোড স্ক্যানার বিতরণ করা হয়। এর মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি নগদবিহীন লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করা হয়।