Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

রোহিঙ্গা ক্যাম্পে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:২৭ অপরাহ্ন

ঢাকা:

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি এবং মাদক চোরাচালানের ঘটনায় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান যত বিলম্বিত হবে, পরিস্থিতি ততই জটিল ও সংকটপূর্ণ হয়ে উঠবে। এতে শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী নয়, স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত এ আলোচনায় রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, উদ্ভূত ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সংকট সমাধানের কৌশল নিয়ে আলোচনা হয়।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। পাশাপাশি মাদক চোরাচালানের ঘটনাও ঘটছে। এসব কারণে ক্যাম্পগুলোতে সার্বিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।


তিনি বলেন, বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। নিরাপত্তা ও মানবিক সংকট আরও প্রকট হওয়ার আগেই এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে এনে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে।


তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন হলেও এ সংকটকে দীর্ঘস্থায়ী করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মানবিক সহায়তার পাশাপাশি স্থায়ী সমাধান ও টেকসই প্রত্যাবাসনের দিকে এগিয়ে যেতে হবে।


স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে রোহিঙ্গা সংকটের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা, মাদক চোরাচালান ও নারীর প্রতি সহিংসতার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংকটের দ্রুত সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগের ওপর জোর দেন তিনি।


গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।


আলোচনায় অংশগ্রহণকারীরা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব, মানবিক সহায়তা, নিরাপত্তা পরিস্থিতি এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com